
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সিংহাড়ীয়া গ্রামে মাদক ব্যবসা, মাদক সেবন ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মাদকবিরোধী র্যালী ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সচেতন এলাকাবাসীর এ উদ্যোগ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
"মাদক মুক্ত সমাজ চাই" এই স্লোগানে রবিবার (৩১ মে) সিংহাড়ীয়া আল ফাতাহ্ ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নবীপুর-শ্রীকাইল রোডে এ প্রতিবাদ মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বয়োবৃদ্ধ, তরুণ-যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ফেস্টুন, ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।
রনি শিকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, প্রবাসী মোঃ এরশাদ সরকার, আব্দুর রহিম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিংহাড়ীয়া গ্রামে একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। তারা মাদকের সাথে জড়িতদের হুশিয়ারি করে বলেন, হয় মাদক ছাড়ো নয়তো সিংহাড়ীয়া গ্রাম ছাড়ো। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।এলাকাবাসী দাবি করেন, অবিলম্বে মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামকে নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন, মুফতি আমানুল্লাহ, মোঃ আনিসুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ রাকিবুল ইসলাম, অলিউল্লাহ, মোঃ আরজু, হাজী আবুল কালাম, নয়ন মিয়াসহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।






























