
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর জমিদার বাড়িতে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
শুক্রবার (২৪ জুলাই) মুরাদনগর উপজেলার জাহাঁপুর ইউনিয়নের জাহাপুরের জমিদার বাড়িতে বিকাল ৫ ঘটিকার সময় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ এই রথযাত্রা উৎসব।
এর আগে গত ১৬ জুলাই জাহাপুরের জমিদার বাড়িতে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজক কমিটি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
জাহাপুর জমিদার বাড়ির বংশধর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার রায় বলেন, ১১১ আগে থেকে এই রথযাত্রা উৎসব হয়েছে আসছে। এখানে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসব পালিত হয়। সারা দেশ থেকে ভক্তরা এই উৎসবে অংশগ্রহণ করেন। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে মেলা বসে। মেলায় সকল ধর্মাবলম্বীর লোকজন আসেন।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।





























