
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় জেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাজনীন চৌধুরী লিলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা নীলুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি। সমাবেশে উত্তর জেলা মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।


























