
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস এলাকার আকিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকটের সংবাদ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে পাম্প কর্মীদের হাতে বাধা ও লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সংবাদকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার এবং ভাঙার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশজুড়ে এলএনজি সরবরাহ সংকটের কারণে ময়মনসিংহের সিএনজি স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সিএনজি অটোরিকশার চালকরা। এর জের ধরে বিক্ষুব্ধ চালকরা দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।মহাসড়ক অবরোধ এবং তীব্র গ্যাস সংকটের এই বাস্তব চিত্র ধারণ করতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা আকিজ সিএনজি পাম্পে যান। সেখানে সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষোভের ভিডিও ধারণ করার সময় পাম্পের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তীব্র বাধা সৃষ্টি করেন এবং একপর্যায়ে ভিডিও ধারণ করতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা করেন। এ নিয়ে সাংবাদিক ও পাম্প কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।এদিকে সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহের সাংবাদিক নেতৃবৃন্দ। তারা কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




























