
নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে হাজিরা খাতায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগাম স্বাক্ষর দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে অনুপস্থিত পান প্রতিমন্ত্রী। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। সেখানে অনুপস্থিত কয়েকজনের স্বাক্ষর আগে থেকেই দেওয়া রয়েছে দেখতে পান তিনি।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের পাশাপাশি গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কাজে গাফিলতি বা হাজিরা নিয়ে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় ভূমি অফিসের সেবা কার্যক্রম নিয়েও খোঁজ নেন মীর মো. হেলাল উদ্দীন। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে ভূমি অফিসের লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিফাত ফৌজিয়া, সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























