
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নেশার টাকার জন্য মাকে মারধরের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেহেনা বেগম, স্থানীয় বাসিন্দা আজাদ আলীর স্ত্রী, ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন যে, তার বড় ছেলে মো. আল-আমিন হোসেন (২৩) নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে আহত করেছেন।
অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে আল-আমিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অপরাধের সত্যতা পাওয়ায় আল-আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার অর্থ জোগাড় করতে তিনি প্রায়ই মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। সর্বশেষ টাকা না পেয়ে তিনি মাকে শারীরিকভাবে নির্যাতন করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
বর্তমানে সাজাপ্রাপ্ত আল-আমিন লালপুর থানা হাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হবে।




























