
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে কাবিটা প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।
গতকাল মঙ্গলবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল এলাকায় অবস্থিত নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করা হয়। কাবিটা প্রকল্পের আওতায় স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে হাসপাতালের উন্নয়নে ২ লাখ টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।
একইদিন বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, থানার ওসি তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পৌর কৃষকদল সভাপতি সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ কবির, ডা. জ্যোতির্ময় কবিরাজ, ডা. শামিম জাফর সনেট, ডা. সামিউল হক, ইউপি সদস্য হাসেম আলী, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরুন্নবী, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল উপস্থিত ছিলেন।
সম্প্রতি সংসদ সদস্যের বরাদ্দে নন্দীগ্রাম পৌর শহরের ২০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল চত্বরে রোগী ও তাদের স্বজনদের নামাজের জন্য সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে নতুন মসজিদ নির্মাণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পৌরসভার অর্থায়নে ২০ শয্যা হাসপাতালে করা হয়েছে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি।
মঙ্গলবার উপজেলার নিমাইদীঘি আদর্শ কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। বিকেলে শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়।





























