
ইসরাফিল ইসলাম, মান্দা নওগাঁ: প্রতিনিধি।নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একটি অংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। গুরুতর আহত ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা হলেন- আব্দুল্লাহ ও মামুনুর রশিদ। আহতদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে তারা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করেন স্বজন ও স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনায় প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।।এ ব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




























