
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আজ বুধবার সন্ধ্যার দিকে বজ্রপাতে এক কলেজ ছাত্রী ও এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) বাড়ির পাশেই ছিলেন। হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তুলি ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী।অপরদিকে কালাদহ এলাকার মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮) আসরের নামাজ পড়ে কালাদহ বাজারে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।




























