
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার উত্তর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ এবং অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।রোববার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার মো. রুকনোজ্জামান মিয়া বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক মো. মোশারফ হোসেনের ওপর হামলা ও মারধর করেন। তারা অভিযুক্ত রুকনোজ্জামানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে হামলাকারী ও উসকানিদাতাদের শাস্তি নিশ্চিত করা, শিক্ষকদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, প্রজন্ম দল ময়মনসিংহ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিদ্যালয়ের জমিদাতা শফিকুল ইসলাম এবং আছিম ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




























