
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:
পজেটিভ পিরোজপুরের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটির নির্বাচন শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ১৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. লুৎফর রহমান।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফয়সাল শেখ নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পজেটিভ পিরোজপুরকে আরও জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



























