
ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে ফউজিয়া বেগম (৪৬) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাঙ্গা গ্রামের ওসমান আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর নিজ শয়নকক্ষে জায়নামাজ থেকে ওঠার সময় একটি বিষধর সাপ ফউজিয়া বেগমকে দংশন করে। পরে স্বজনরা তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছু সময় পার হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনতে দেরি হওয়ায় শরীরে বিষ ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে।



























