
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিট লিমিটেডকে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, গত ২৪ আগস্ট চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আদেশের কপি সোমবার পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে ৭৫ লাখ ৪ হাজার টাকা ধার্য করা হয়েছে।
গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা নমুনা সংগ্রহকারী দল প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে ইটিপির আউটলেট পয়েন্ট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।
পরে নমুনা পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হলে বর্জ্যে BOD ৭৬ মিলিগ্রাম/লিটার, COD ৪২৯ মিলিগ্রাম/লিটার, TSS ১৩৯ মিলিগ্রাম/লিটার, pH ৯ দশমিক ১৬ এবং Color ৫৩৩ Pt-Co পাওয়া যায়।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী এসব মান গ্রহণযোগ্য মাত্রার বাইরে থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য Environmental Damage Assessment করা হয়।
এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।





























