
মোঃ মুরাদ মৃধা, রাণীনগর নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসন, রাণীনগর, নওগাঁর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন ভূমিসেবা সংক্রান্ত আবেদন গ্রহণ করা হয় এবং তাদের সমস্যার কথা শোনা হয়। এ সময় মিউটেশন (নামজারি) আবেদন গ্রহণ, নামজারি কেসের শুনানি, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত নাগরিক নিবন্ধন ও কর প্রদান, ডিএলআরএমএসের মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এছাড়াও খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসে লিজ প্রাপ্তি ও লিজ নবায়নের আবেদন গ্রহণসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে জনগণকে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জনগণ সরাসরি ভূমি প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারছেন এবং দ্রুত সমাধানের সুযোগ পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকলে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।গণশুনানিতে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা।




























