
মো. মুরাদ মৃধা রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে এক মুদির দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। রবিবার দিবাগত রাতে উপজেলার পারইল ইউনিয়নের ভাণ্ডারগ্রাম হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম পরিমল চন্দ্র পাল। দোকান মালিক পরিমল চন্দ্র পাল জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও কেনাবেচা শেষে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গাছের মোটা গুঁড়ি দিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তিনি আরও জানান, সকালে দোকানে এসে শাটার ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন মালামাল তছনছ হয়ে আছে। চোরেরা ক্যাশবাক্সে থাকা নগদ টাকা, বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড, সিগারেট ও বেকারি বিস্কুট নিয়ে গেছে। প্রাথমিক হিসাবে ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ হিসাবের পর টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে। এদিকে, রাতের আঁধারে এমন চুরির ঘটনায় ভাণ্ডারগ্রাম হাটখোলা বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরির আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাজারের নৈশকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, চুরির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























