
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে একের পর এক বিস্ফোরণের শব্দ বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। দুই দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাখাইন থেকে টেকনাফে আবার ভেসে আসে বিস্ফোরণের বিকট শব্দ। বুধবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ওই শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।
সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম বলেন, গতকাল সোমবার রাত থেকে বজ্রপাতের মত একের এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝখানে দুইদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মায়ানমারের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে সাবরাং এলাকা। একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কেঁপে উঠছে। বিস্ফোরণের শব্দে মানুষের নির্ঘুম রাত কাটছে।




























