
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তার আরিফুল ইসলাম চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





























