
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া। জুন ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম, তাকে এই পুরস্কার প্রদান করেন।
মুরাদনগর থানায় যোগদানের পর থেকেই এসআই কুসুম বড়ুয়া নিয়মিতভাবে ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করেছেন এবং পলাতক আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এসআই কুসুম বড়ুয়া বলেন, এই অর্জন আমার একার নয়, মুরাদনগর থানার সকল পুলিশের সহযোগিতা ও প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবেন। তার এই সফলতার জন্য তিনি কুমিল্লা পুলিশ সুপার ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুরস্কার প্রদানের সময় কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




























