
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় বসবাসকারী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপির সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৈঠকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। দেশের সেবায় নিয়োজিত থাকা এই বীর সদস্যরা বিশেষভাবে অনুরোধ করেন, অবসর জীবনে কোনো সশস্ত্র বাহিনীর সদস্য যেন কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক মামলায় জড়িয়ে ভুক্তভোগী না হন। একই সাথে শ্রীপুর উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করার জন্য সংসদ সদস্যের জোরালো ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তারা।
অবসরপ্রাপ্ত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি তাদের আশ্বস্ত করে বলেন, "দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। অবসর জীবনে আপনাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।" তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো সদস্য যেন মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার না হন এবং শ্রীপুর অঞ্চলকে সম্পূর্ণ মাদকমুক্ত করা যায়, সে লক্ষ্যে তাঁর পক্ষ থেকে সাধ্যমতো সর্বোচ্চ প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা প্রদান করা হবে।
উক্ত সৌজন্য সাক্ষাতে শ্রীপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























