
। জুয়েল হাওলাদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, এবং জুলাই যোদ্ধার বাবা আলতাফ হোসেন জোমাদ্দার।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের ১১টি পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





























