
। জুয়েল হাওলাদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মী ও স্থানীয়রা। একই সঙ্গে শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থনও জানান তারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় শরণখোলা উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শিমুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন কাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজী, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার ও সাংবাদিক সুজন । উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসি রোকেয়া খানম যেসব উদ্যোগ নিয়েছেন, তা অব্যাহত রাখা প্রয়োজন। তারা অভিযোগ করেন, এসব কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সকল অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।





























