
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে তিনি কোন পূর্ব ঘোষণা ছাড়াই এই আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, ওষুধের মেয়াদ, হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের একটি বড় দায়বদ্ধতা রয়েছে। এসব মানুষের সার্বিক দায়িত্ব আমাদের কাঁধেই বর্তায়। অতীতের অজুহাত দিয়ে আর লাভ নেই, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেখানে আধুনিক ল্যাব,নারী-পুরুষের আলাদা ফিজিওথেরাপি সেন্টার,ব্রেস্ট ফিডিং কর্ণার, এক্স-রে কর্ণার সহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা এই ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে নিশ্চিত করা হবে। এ সময় মন্ত্রী সাতক্ষীরা সিভিল সার্জন কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সঙ্গে ৯ টি এসির আউটডোর চুরি হওয়ার ঘটনায় হাসপাতালের নাইটগার্ড মোস্তফাকে তাৎক্ষণিক বরখাস্ত ও বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। এছাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নানজীবা ত্বন্বী দীর্ঘদিন অনুমতি ছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে তাকে সাসপেন্ড করে নতুন চিকিৎসক প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত জনসাধারণ চিকিৎসক সংকটের কথা মন্ত্রীকে জানালে মন্ত্রী চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন শীঘ্রই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সারাদেশে ৫ হাজার চিকিৎসক ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা,উপজেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে মন্ত্রী সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।




























