
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরে সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগে সাবেক স্বামী মাহবুবুর রহমান (৫১)কে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।
গত শনিবার (১আগস্ট) দিবাগত মধ্যরাতে বিরল উপজেলার ৭নম্বর বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধে নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং দুই সন্তানের জননী। প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। মাহবুবুর রহমানের স্থায়ী বাড়ী রংপুর নগরের লালবাগ এলাকায়। বর্তমানে তিনি বিরল উপজেলার দোগাছী বুধারপাড়া গ্রামে বসবাস করতেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার রাতে মাহবুবুর রহমান, সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)'র বাবার বাড়ীতে প্রবেশ করে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
গুরুতর দগ্ধ অবস্থায় স্বজনরা সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)কে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মৃত্যু বরণ করেন সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, "ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আঁটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে"।




























