
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি চৌকস আভিযানিক দল উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে ১৩৯.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।র্যাব-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিদেশি মদের চালান রাজধানীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাজীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।





























