
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীতে চোলাই মদ তৈরির এক বিশাল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ (জিএমপি) অভিযান চালিয়ে ১২টি বোতলে ৬০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ, ২৯টি ড্রামে ১ হাজার ৪৫০ লিটার মদ তৈরির কাঁচামাল বা উপকরণ (ওয়াশ) এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।ডিবি পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের বিশেষ দিকনির্দেশনায় গত রবিবার (১২ জুলাই) রাত ৯:৫০ মিনিটে জিএমপি সদর থানাধীন দাক্ষিণখান মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম ও এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম স্থানীয় বাসিন্দা মোমেন ভূঁইয়ার একটি টিনশেড হাফ-বিল্ডিং ঘরে তল্লাশি চালায়। সেখানে দীর্ঘদিন ধরে মোঃ কামরুজ্জামান মিরাজ (৩৩) ও মোঃ রুবেল মিয়া (৩৮) নামে দুই ব্যক্তি অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল।অভিযানকালে ঘরটি থেকে ৫ লিটারের ১২টি বোতলে মোট ৬০ লিটার তৈরি মদ, ২৯টি নীল রঙের ড্রামে রাখা ১ হাজার ৪৫০ লিটার মদ তৈরির উপকরণ এবং স্টেইনলেস স্টিলের তৈরি ২টি বড় বিশেষ ট্যাংক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই অভিযুক্ত দুই আসামি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মহানগর এলাকায় মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





























