
সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলার গুনিয়ারিকান্দা গ্রামের কৃতী সন্তান, পীরে কামিল, শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।এলমে হাদীস, দ্বীনি শিক্ষা বিস্তার এবং অসংখ্য আলেম তৈরির মাধ্যমে তিনি হালুয়াঘাটসহ দেশের কওমি অঙ্গনে এক অনন্য অবদান রেখে গেছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি জামিয়া হোসাইনিয়া দারুল উলূম, মাঝিয়াইল মাদরাসায় শিক্ষক ও নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মিফতাহুল জান্নাত কওমি মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম, জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া, চরখরিচার শায়খে সানী এবং ১০টিরও বেশি পুরুষ ও মহিলা মাদরাসার শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন।শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল অনন্য। তিনি মাঝিয়াইল দাওরাহ মহিলা মাদরাসাসহ একাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাঝিয়াইল মাদরাসার নবনির্মিত বৃহৎ মসজিদও তাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়। নিজ বাসভবন থেকে নিয়মিত বিভিন্ন মাদরাসায় গিয়ে হাদীসের দরস প্রদান করতেন এবং হাজারো শিক্ষার্থীর হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।২০২১ সালের ১ আগস্ট, রবিবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উত্তরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। পরদিন মাঝিয়াইল মাদরাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে মাদরাসা মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।আজও তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করেন মাঝিয়াইল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, ভক্ত-অনুরাগী এবং হালুয়াঘাটবাসী। তাঁর রেখে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য ছাত্র এবং দ্বীনি খেদমতের উজ্জ্বল দৃষ্টান্তই তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রেখেছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, ছাত্র-শিক্ষক ও ভক্তবৃন্দ সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।আল্লাহ তাআলা শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।




























