শিরোনাম
কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা

প্রকাশিত:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


রাফায়েতুল রাবিত:

জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশের মত রাষ্ট্রের অতি  সামান্য অথচ এর অভিঘাত বহনের দায় যেন সবচেয়ে বেশি। এই বৈশ্বিক বৈষম্যের অবসান ঘটাতে প্রয়োজন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর কূটনীতি এবং ন্যায়ভিত্তিক বৈশ্বিক সহযোগিতা। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান সেই প্রশ্নটিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশবিজ্ঞান কিংবা প্রকৃতি সংরক্ষণের আলোচনায় সীমাবদ্ধ নেই। এটি অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মানবাধিকার, অভিবাসন, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নকৌশলের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি বৈশ্বিক সংকট। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন রীতিমতো  অস্তিত্বের প্রশ্ন। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) এই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তির এক দশক অতিক্রান্ত হওয়ার পর বিশ্ব আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নের প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বনেতাদের উপস্থিতি, দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা কিংবা নতুন নতুন ঘোষণার মধ্যেই সম্মেলনের সাফল্য সীমাবদ্ধ থাকলে চলবে না । বরং প্রশ্ন হওয়া উচিত, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে এসব সম্মেলনের সিদ্ধান্ত কতটা পরিবর্তন আনতে পারছে?

বাংলাদেশের জন্য এই প্রশ্নের গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। অথচ ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং অনিয়মিত বৃষ্টিপাতের অভিঘাত আমাদের অর্থনীতি ও জনজীবনকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে। অর্থাৎ যে সংকট তৈরিতে বাংলাদেশের ভূমিকা নগণ্য, সেই সংকটের মূল্য দিতে হচ্ছে দেশের কৃষক, শ্রমিক, উপকূলীয় জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ প্রজন্মকে।

এখানেই জলবায়ু কূটনীতির মূল প্রশ্ন, যার দায় বেশি, তার দায়িত্ব কতটুকু? আর যার ক্ষতি বেশি, তার অধিকার কতটুকু নিশ্চিত করা হচ্ছে?

কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে তাঁর বক্তব্য বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিশেষ তাৎপর্য হলো, তিনি জলবায়ু সংকটকে কেবল অর্থসহায়তা পাওয়ার বিষয় হিসেবে উপস্থাপন করেননি, বরং আন্তর্জাতিক দায়িত্ববণ্টন, অর্থনৈতিক ন্যায়বিচার, প্রযুক্তির ন্যায্য প্রাপ্যতা এবং উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে যুক্ত করেছেন।

তাঁর বক্তব্যে একটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে আরও ঋণের বোঝা চাপিয়ে দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। তাঁর ভাষায়, নতুন নতুন ঋণের বোঝার পরিবর্তে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান।

এই বক্তব্যের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ উন্নয়নশীল দেশগুলো একদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করছে, অন্যদিকে আন্তর্জাতিক অর্থায়নের নামে ঋণ গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর আর্থিক দায় বাড়াচ্ছে। ফলে জলবায়ু মোকাবিলার অর্থায়ন যদি আবার নতুন ঋণসংকট তৈরি করে, তবে সেই অর্থায়নের ন্যায্যতা নিয়েই প্রশ্ন ওঠে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-স্বস্তির ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তির ন্যায্য প্রবেশাধিকার ও হস্তান্তর, সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ।

এই প্রস্তাবগুলোর মধ্যে একটি সুসংহত রাষ্ট্রীয় অবস্থান প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ উন্নয়ন চায়, শিল্পায়ন চায়, কর্মসংস্থান চায়, কিন্তু সেই উন্নয়নের মূল্য যেন জলবায়ু ঝুঁকি এবং বৈশ্বিক বৈষম্যের কারণে আরও বহুগুণে বেড়ে না যায়, সেটিই বাংলাদেশের মূল প্রত্যাশা।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নারী ও তরুণদের অংশগ্রহণ, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যমাত্রা ধরে রাখার ওপর গুরুত্বারোপ। অর্থাৎ জলবায়ু নীতিকে শুধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার আলোচনায় সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের জীবন, জীবিকা এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত করার একটি দৃষ্টিভঙ্গি এখানে স্পষ্ট।

আমার বিবেচনায়, এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো, বাংলাদেশের জলবায়ু অবস্থানকে কেবল ক্ষতিগ্রস্ত একটি দেশের আর্তি হিসেবে নয়, বরং ন্যায়ভিত্তিক বৈশ্বিক জলবায়ু ব্যবস্থার পক্ষে একটি নীতিগত প্রস্তাব হিসেবে উপস্থাপন করা।

বাংলাদেশের জলবায়ু কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি হলো অর্থায়ন। কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়।

এখানে অর্থায়নের পরিমাণের পাশাপাশি অর্থের ধরনও গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশকে যদি ঋণ নিয়ে নিজের ক্ষতি কাটিয়ে উঠতে হয়, তাহলে সেটি একধরনের দ্বৈত শাস্তিতে পরিণত হয়। প্রথমে দুর্যোগের ক্ষতি, পরে সেই ক্ষতি মোকাবিলার অর্থের সুদ ও কিস্তি পরিশোধ।

অথচ জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক দায় এবং অর্থনৈতিক সক্ষমতার প্রশ্নে সব দেশের অবস্থান সমান নয়। প্যারিস চুক্তির ‘কমন বাট ডিফারেনশিয়েটেড রেসপনসিবিলিটিজ অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিজ’ নীতির মূল দর্শনও তাই। সবার দায়িত্ব আছে, কিন্তু সবার দায়িত্ব সমান নয়।

এই বাস্তবতায় অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ আবেদনপ্রক্রিয়া এবং দ্রুত অর্থছাড় নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে ঋণ-স্বস্তি, ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ এবং জলবায়ু সহনশীল ঋণব্যবস্থার মতো উদ্যোগকে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ঋণ-স্বস্তির বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি জলবায়ু অর্থায়নকে আন্তর্জাতিক অর্থনৈতিক ন্যায়বিচারের অংশ হিসেবে দেখার সুযোগ তৈরি করে।

জ্বালানি রূপান্তর নিয়ে বৈশ্বিক আলোচনায় প্রায়ই একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উপেক্ষিত হয়। সব দেশের অর্থনৈতিক কাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং জ্বালানির চাহিদা এক নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সামনে একদিকে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজন, অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার দায়িত্ব। এই দুই লক্ষ্যকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী না বানিয়ে সমন্বিত করাই হওয়া উচিত রাষ্ট্রীয় নীতি। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব শিল্প এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো বাংলাদেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র। তবে এই রূপান্তর যেন শ্রমিকের কর্মসংস্থান, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কিংবা সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহারের ব্যয় বাড়িয়ে না দেয়, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ওপর গুরুত্বারোপের মধ্যে এই ভারসাম্যপূর্ণ চিন্তার প্রতিফলন রয়েছে। উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে, কিন্তু সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও আর্থিক সক্ষমতা তৈরিতে উন্নত বিশ্বকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান যতই শক্তিশালী হোক, দেশের অভ্যন্তরে দৃশ্যমান উদ্যোগ ছাড়া সেই অবস্থানের নৈতিক ভিত্তি পূর্ণতা পাবে না।

এ ক্ষেত্রে সরকারের ঘোষিত কিছু উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি, সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখননের পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য এবং চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও প্রশমন কৌশলের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি উপকূলীয় বনায়ন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নদী ও জলাভূমি পুনরুদ্ধার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের উদ্যোগও গুরুত্বপূর্ণ। তবে এসব কর্মসূচির প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ধারাবাহিকতা, স্বচ্ছতা, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর। শুধু গাছ লাগানোর সংখ্যা নয়, গাছের বেঁচে থাকা ও পরিবেশগত উপযোগিতা নিশ্চিত করতে হবে। শুধু খাল খনন নয়, জলপ্রবাহ ও জলাধারের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতে হবে। শুধু নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা ঘোষণা নয়, বাস্তবে উৎপাদন ও সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে।

আমার মনে হয়, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে এই সমন্বয়, একদিকে ন্যায্যতার দৃঢ় দাবি, অন্যদিকে দেশের ভেতরে দায়িত্বশীল ও পরিমাপযোগ্য পদক্ষেপ।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বহন করতে হবে বর্তমান তরুণ প্রজন্মকে। আজ যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সুফল কিংবা ব্যর্থতার মূল্য আগামী কয়েক দশক ধরে তাদেরই বহন করতে হবে।

তাই জলবায়ু কূটনীতিতে তরুণদের অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের বিষয় হতে পারে না। নীতি প্রণয়ন, গবেষণা, স্থানীয় অভিযোজন, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক আলোচনায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কপ-৩১-এ প্রধানমন্ত্রী তরুণদের অংশগ্রহণ এবং সবুজ কর্মসংস্থানের ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা এই প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। রাষ্ট্র যদি তরুণদের শুধু ভবিষ্যৎ নাগরিক হিসেবে বিবেচনা না করে বর্তমানের নীতিনির্ধারণী অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে জলবায়ু মোকাবিলার উদ্যোগ আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হতে পারে।

একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমার কাছে এই অংশগ্রহণের তাৎপর্য এখানেই। আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিতি তখনই অর্থবহ হবে, যখন সেই অভিজ্ঞতা দেশের মানুষের বাস্তব সমস্যা, বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দাবি ও প্রত্যাশাকে আরও জোরালোভাবে তুলে ধরতে কাজে লাগবে।

কপ-৩১-এর সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে বিশ্বনেতারা কতগুলো ঘোষণা দিলেন, তার ওপর নয়; বরং সেই ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হলো, তার ওপর।

বাংলাদেশের সামনে তাই দুটি সমান্তরাল দায়িত্ব রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতির প্রতিকার আদায়ে কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করা। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে জলবায়ু সহনশীল উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ-৩১ বক্তব্য বাংলাদেশের এই দুইমুখী অবস্থানকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। বিশেষ করে অভিযোজন অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ, ঋণ-স্বস্তি, প্রযুক্তির ন্যায্য প্রবেশাধিকার এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রস্তাবগুলো আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দাবিকে একটি সুসংহত কাঠামো দিয়েছে।

তবে কূটনৈতিক সাফল্যের প্রকৃত পরিমাপ হবে এসব প্রস্তাব কতটা আন্তর্জাতিক সিদ্ধান্তে প্রতিফলিত হয় এবং কতটা বাস্তব অর্থায়ন ও সহযোগিতায় রূপ নেয়।

বিশ্ব যদি সত্যিই জলবায়ু সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে চায়, তবে প্রতিশ্রুতির ভাষা থেকে বেরিয়ে ন্যায়বিচারের বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। আর সেই ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশকে হতে হবে একটি দৃঢ়, দায়িত্বশীল ও প্রভাবশালী কণ্ঠস্বর এবং সেটির প্রতিফলনই আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্যে লক্ষ্য করেছি।


আরও খবর




কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা

কাশীপুরে উন্নয়ন ও সুষম বণ্টনের অঙ্গীকার ওমর ফারুকের

পূর্বাঞ্চল ক্লাবের আহ্বায়ক হলেন এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিয়েবাড়িতে গানবাজনা নিষিদ্ধ, ৮ বছর ধরে ব্যতিক্রমী নিয়ম

বোদার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে একদিনে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা

জেদ্দায় বাংলাদেশ সৌদ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর করে আহত করার অভিযোগ

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত