
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গীতবাড়ি বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, কুমিল্লা সীমান্তের গীতবাড়ি বিওপির আওতাধীন মনতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।





























