
।মোতালেব হোসেন(কুমিল্লা)। ‘সবুজ স্কুল, সচেতন প্রজন্ম, নিরাপদ আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থ অর্গানাইজেশন।কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেসিআই ঢাকা আপটাউনের লোকাল প্রেসিডেন্ট নাভিদ নওরোজ শাহ্। এছাড়া স্থানীয় বন কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।কর্মসূচির শুরুতে আয়োজক স্বেচ্ছাসেবীরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষের প্রয়োজনীয়তা, পরিবেশ সংরক্ষণ এবং গাছের যত্ন বিষয়ে সচেতনতামূলক প্রেজেন্টেশন দেন। এতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব এবং ব্যক্তিগতভাবে পরিবেশবান্ধব ভূমিকা পালনের বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এরপর শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করেন।নাভিদ নওরোজ শাহ্ বলেন, ‘একটি গাছ মানে শুধু সবুজ নয়, একটি গাছ মানে ভবিষ্যতের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা।’ পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আজকের একটি চারা গাছই হতে পারে আগামী দিনের ছায়া, অক্সিজেন ও সবুজ পৃথিবীর অংশ। আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং অন্যদের সচেতন করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি।আয়োজকরা জানান, জেসিআই ঢাকা আপটাউনের টেকসই পরিবেশ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় ‘প্রজেক্ট রিজেন’ নামে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেইভ আর্থ অর্গানাইজেশন। জেসিআই ঢাকা আপটাউন জেসিআই বাংলাদেশের একটি লোকাল চ্যাপ্টার। সংগঠনটি মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।আয়োজকরা আরও জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে সেইভ আর্থ অর্গানাইজেশন। এরই মধ্যে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান আয়োজকরা।শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, আজ রোপণ করা চারাগুলো একদিন বড় হয়ে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজে ভরিয়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ আরও জোরদার করবে।




























