
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
সড়ক বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড লাগানোর পরেও কুমিল্লার লাকসামে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যর প্রায় ৩৬ শতক জায়গা বালি দিয়ে ভরাট করে অবৈধ ভাবে দখল করে নিয়েছে ভূমি দস্যুরা।
লাকসাম-মুদাফফরগঞ্জ সড়কের পৌর এলাকার মিশ্রী এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক বিভাগের এ জায়গা দখলের ঘটনা ঘটে।
এ ঘটনায় সড়ক বিভাগ তাদের নিজস্ব সম্পত্তি দাবি করে এতে জনসাধারণের প্রবেশ নিষেধ এমন একটি সাইনবোর্ড লাগানোর পরেও ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে আবারও বালি ভরাট করেছে ভূমি দস্যুরা।
সরেজমিনে ঘুরে ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সড়কের পাশে মিশ্রী গ্রামের প্রভাবশালী আবুল হোসেন আবুল অধিগ্রহণকৃত ৩৬ শতক জায়গায় বালি দিয়ে ভরাট করেছেন।
এদিকে বালি দিয়ে ভরাটের বিষয়ে আবুল হোসেন আবুল জানান, সড়ক বিভাগের অধিগ্রহণের জায়গার পাশাপাশি তাঁর ব্যক্তিগত ১৯ শতক জায়গা সহ মোট ৫৫ শতক জায়গা তিনি ভোগ দখল করতেন। কিন্তু ব্যাংক ঋণের কারণে এ জায়গাটি ভূমি ব্যবসায়ীদের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন।
তাই তারা অধিগ্রহনকৃত জায়গাসহ পুরো জায়গাটি মাটি ভরাট করে প্লট হিসেবে বিক্রির উপযোগী করে তুলছেন।
এদিকে সড়ক বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লা-চাঁদপুর ও নোয়াখালী সড়কের মাঝামাঝি প্রায় ৮ কিলোমিটার দূরত্বের লাকসাম-মুদাফফরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।
এ কানেক্টিং সড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর , নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের শত শত যানবাহন চলাচল করে ।
এ সড়কটিতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কটি সম্প্রসারণের জন্য এর দুই পাশে প্রায় ৮০ ফুট জায়গা করে অধিগ্রহন করেছে সড়ক বিভাগ ।
এছাড়াও এ সড়কের পাশে আছে পানি নিষ্কাশনের জলাধার। যা ডাকাতিয়া নদীর সাথে সংযোগ রয়েছে। এদিকে এ অবৈধ ভরাটের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাধারটি। যার ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিস্কাশনের পথ।
এতে লাকসাম পৌরসভা এলাকা ছাড়াও পার্শ্ববর্তী লালমাই উপজেলাসহ এ অঞ্চলে সৃষ্টি হবে জলাবদ্ধতা। যার ফলে ক্ষয় ক্ষতি হবে ফসলি মাঠের।
সরকারি জায়গা দখলের বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি সড়ক বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী অবহিত করলে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার লাইলী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দখল করার জন্য আনা বেশ কিছু বাঁশ জব্দ করেছে এবং বেড়াটি ভেঙে দিয়েছে।
কুমিল্লা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, অজ্ঞাতনামাদের আসামি করে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
এছাড়াও ভূমি দস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে।




























