
স্টাফ রিপোর্টার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি শুধু প্রশাসনিক তদারকিতেই সীমাবদ্ধ থাকেননি,বরং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে যেন একজন শিক্ষক হিসেবেই শ্রেণিকক্ষে উপস্থিত হন।সোমবার (২৭ জুলাই) তিনি উপজেলার সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ,শৌচাগার, পরিচ্ছন্নতা,অবকাঠামো এবং সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র,শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের পড়াশোনা, শেখার অভিজ্ঞতা,বিদ্যালয়ের পরিবেশ ও বিভিন্ন প্রয়োজন সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং তাদের স্বপ্ন পূরণে অধ্যবসায় ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।একই সঙ্গে শিক্ষক,প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি শিক্ষার মানোন্নয়ন,নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।স্থানীয়দের মতে,প্রতিমন্ত্রীর এ ব্যতিক্রমী পরিদর্শন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রশাসনিক তদারকির পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক ও প্রাণবন্ত অংশগ্রহণ দিনটিকে স্মরণীয় করে তোলে




























