
আকির হোসেন, মোহনগঞ্জ: যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটায়, সেই বয়সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে চার বছরের শিশু তানহা আক্তার ফাতেহা। মাথায় ব্রেন টিউমার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন সে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না অসহায় পরিবারটি।ফাতেহার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২ নম্বর বড়তলী বানিহারী ইউনিয়নের মামুদপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিল শিশুটি। ৫-৬ মাস আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার মাথায় ব্রেন টিউমার শনাক্ত করেন।এদিকে ফাতেহার পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার। প্রায় ৬-৭ মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা নিজাম উদ্দিন। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা পরিবারের ছোট এই মেয়েটির চিকিৎসার সব ভার এসে পড়ে বিধবা মা আসমা আক্তারের ওপর। যেখানে নিত্যদিনের সংসার চালানোই কঠিন, সেখানে ব্রেন টিউমারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা মায়ের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।অশ্রুসজল চোখে ফাতেহার মা আসমা বলেন, "স্বামী মারা যাওয়ার পর পরিবারে আয় করার মতো কেউ নেই। বাপহারা মেয়েটাকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছি। ডাক্তাররা আগেই দ্রুত অপারেশনের কথা বলেছিলেন, কিন্তু টাকার অভাবে করাতে পারিনি। এত টাকা আমি কোথায় পাব? আমি আমার মেয়েটিকে বাঁচাতে চাই।"ফাতেহার চিকিৎসার জন্য দ্রুত বিপুল অর্থের প্রয়োজন। সময় গড়ালেও অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। শিশু তানহা আক্তার ফাতেহার জীবন বাঁচাতে এবং তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।




























