
মো:আজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে পাঁচ বছরের এক শিশু (জান্নাতুল)-কে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে প্রথাগত তদন্ত ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ বাহিনীর একাধিক দল। এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ কর্মকর্তা ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল রহমানের ৫ বছরের শিশু জান্নাতুলকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত রবিউল তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাত ও সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে কাঁথা দিয়ে মুড়িয়ে নিজ বসতঘরে ফেলে পালিয়ে যায়। শিশুটির বাবা-মা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬:৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জ ডিআইজি-র সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত ডিআইজি (এডমিন) তোফায়েল আহমেদ এবং নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি)-র নেতৃত্বে পুলিশি অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে ২১ জুলাই সকাল ৯:১৫ মিনিটে নড়াইল সদরের দত্তপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে নড়াইলের শীর্ষ পুলিশ কর্মকর্তারা জানান: অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত ও ত্রুটিমুক্ত চার্জশিট দাখিল করার আশ্বাস দেওয়া হয়েছে, যেন কোনো ফাঁকফোকর ছাড়া সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। মামলাটি স্পিডি ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও রাসায়নিক পরীক্ষার তথ্য দ্রুত পেতে সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি তদারকি করা হবে। পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, নিখুঁত তদন্ত বজায় রেখে সর্বনিম্ন সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুরো বিষয়টি রেঞ্জ ডিআইজি নিজে তদারকি করবেন।





























