
ইসমাইল হোসেন, পোরশা
নওগাঁর পোরশা উপজেলায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলার ৪ নং গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামের আবাসন-১ গুচ্ছগ্রাম সেতুর ওপর থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আইনাল (৩৭)। তিনি উপজেলার সরাইগাছী গ্রামের মৃত দছিমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে আইনালকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচায় সাদা পলিথিনে মোড়ানো ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।




























