
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা উৎসব ২০২৬’। ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ অর্জনকারী ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থী ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। ছাত্রদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর পেয়ে গোল্ড মেডেল অর্জন করেন Sher-E Bangla High School-এর মোঃ শাহেদুল আলম। তিনি ১১৬১ নম্বর পেয়ে ৯২.৮৮ শতাংশ গড় নম্বর অর্জন করেন। ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর পেয়ে গোল্ড মেডেল অর্জন করেন তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ফাহমিদা ফয়সাল আয়েশা। তিনি ১১৩৮ নম্বর পেয়ে ৯১.০৪ শতাংশ গড় নম্বর অর্জন করেন।
সর্বোচ্চ ১১ জন A+ অর্জন করায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে বিশেষ অ্যাওয়ার্ড এবং ৮০ শতাংশ পাসের হার অর্জন করায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ পাসের হার অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া, তাদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং সেনবাগের শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই ‘মেধা উৎসব’-এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের ব্যাপক অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় সেনবাগের শিক্ষা ও মেধার এক মিলনমেলায়।




























