
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে কিশোর গ্যাং এর হামলার ১০ দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল মুহতাসিম সায়িব (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে । সে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২য় বর্ষের ছাত্র এবং শেরপুর পৌর এলাকার দমদমা কালিগঞ্জ মহল্লার মালেক মিয়ার একমাত্র সন্তান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে শুক্রবার তাতালপুর বিএম কলেজ রোডে বেশ কয়েক জন কিশোর গ্যাং সদস্য সংঘবদ্ধ হয়ে সায়িবের উপর হামলা করে। এতে সে গুরতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ জুন সোমবার সে মারা যায়।
এদিকে এঘটনায় শেরপুর সদর থানায় ১৫ জনকে আসামি করে আগেই একটি মামলা দায়ের করা হয়েছিলো। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : সোহেল রানা। তিনি আরো জানান, এঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।





























