
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলায় "বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার গাজিরখামার ইউনিয়নের কড়ইকান্দায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় পরিচালিত ''স্ববল" প্রজেক্ট'-এর আওতায় উপজেলার "এফএসএফসিএসও" কর্তৃক এলএফও সদস্যদের মাঝে প্রায় সাতশো বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে শেরপুর সদর উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিঃ এবং সহ-বাস্তবায়নে ছিল রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। উক্ত চারা বিতরণ কর্মসূচিতে উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিঃ এর সভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নুরল ইসলাম সহ স্থানীয় এলএফও সদস্য গণ উপস্থিত ছিলেন।




























