
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘাসিয়ারা বেপারীপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি আলি আকবর জোয়ারদার (৫৮) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৬ বিকেলে নাকোল ইউনিয়নের ঘাসিয়ারা বেপারীপাড়া মসজিদের পাশে অভিযুক্তের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ মাঠে খেলাধুলা করার সময় ২য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান অভিযুক্ত আলি আকবর। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিশু ও তার পরিবার।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার কথা জানায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে নাকোল ক্যাম্প পুলিশ অভিযুক্ত আলি আকবর জোয়ারদারকে আটক করে শ্রীপুর থানায় সোপর্দ করে।
আটককৃত আলি আকবর জোয়ারদার ঘাসিয়ারা বেপারীপাড়া গ্রামের মৃত আলেপ জোয়ারদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করে বলেন, ইতিপূর্বেও অভিযুক্ত আলি আকবর শিশুটির বড় বোনের সাথেও একই অপকর্ম করেছিলেন। ভয়ভীতি দেখানোর কারণে তখন বিষয়টি কেউ জানায়নি। ছোট মেয়ের ঘটনা জানাজানি হওয়ার পর বড় মেয়েও বিষয়টি পরিবারকে জানিয়েছে। তারা অভিযুক্তের কঠিন বিচার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে একটি সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পুলিশ হস্তক্ষেপ করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, ঘটনার পর তাৎক্ষণিক একজনকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। মামলা নং-১৭। আসামিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।




























