
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মো. মাসুদ রানা। বুধবার (২৯ জুলাই) দুপুরে সাঘাটা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, তিনি সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের মো. মোসলেম উদ্দিন ও তার ছেলে মো. বিপ্লব বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর তার কাছ থেকে নগদ ৭ লাখ টাকা গ্রহণ করেন। এ সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ছয় মাসের মধ্যে বিদেশে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময় অতিবাহিত হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি। পরে পাওনা টাকার আংশিক হিসেবে ৪ লাখ টাকার একটি ব্যাংক চেক দেওয়া হলেও হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ গত ১০ জুলাই পাওনা টাকা চাইতে গেলে তাকে ও সঙ্গে থাকা ব্যক্তিদের মারধরের চেষ্টা করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া ৭ লাখ টাকা উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




























