
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সস্তা জনপ্রিয়তার আশায় নির্মাণাধীন সড়কের কার্পেটিং বা পিচ হাত দিয়ে টেনে তোলার মতো অপেশাদার কাজ সরাসরি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও ভ্যান্ডালিজম। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ সড়কের স্থায়িত্ব ও ইন্টারলকিং ব্যবস্থা নষ্ট করে দেয়, যার ফলে ক্ষোভ প্রকাশ করেছেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পায়ব রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জানা যায়, পায়ব সড়কের কার্পেটিং কাজ চলমান। শুক্রবার বিকালে সড়কের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ শেষ করে চলে গেলে সন্ধ্যার দিকে কয়েকজন যুবক রাস্তার কার্পেটিং হাতে তুলে কাজে অনিয়ম হচ্ছে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। ভিডিওটি উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এর নজরে আসলে তিনি শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাজের গুণগত মান ঠিক রয়েছে এমন দাবি করে তিনি বলেন, একটি রাস্তা কার্পেটিং করার পর সেটি মজবুত হতে ৭-১০ দিন সময় লাগে, ভালোভাবে রোদ পেতে হয় এবং গাড়ী চলাচল করতে হয়। তার আগ পর্যন্ত এই পিচটি নরম থাকে। সেটিকে যেকোনো ভাবে ধাক্কা দিলে বা খুঁচিয়ে তুলে ফেলা যায়। ৭-১০ দিন পরে যখন এর ওপর দিয়ে গাড়ি চলাচল করবে তখন পিচটি সম্পূর্ণভাবে শক্ত হয়ে যাবে। কিন্তু সেই সময়টুকু না দিয়ে এর আগে ভাইরাল হওয়ার নেশায় হাত দিয়ে পিচ গুলো টেনে তুলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন। যা সঠিক নয়। তিনি যদি দিনের বেলায় কাজ চলাকালীন সময় এসে কাজের ত্রুটি থাকলে সেটি তুলে ধরতেন তাহলে সেটা যুক্তি সঙ্গত হত।
তিনি জনসাধারণের প্রতি অনুরোধ করে আরো বলেন, এ ধরনের সস্তা ভাইরাল হওয়ার চিন্তায় আপনারা কিন্তু দেশের ক্ষতি করছেন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন। যারা উপজেলাতে ভালো কাজ করতে চায়, আপনারা তাদের মানসিকতাকে ইচ্ছাকৃতভাবে আঘাত দিচ্ছেন। ভাইরাল হওয়ার জন্য দয়া করে এই কাজগুলো করবেন না। কাজটি চলমান। কাজে কোন ভুল ত্রুটি থাকলে কাজ চলাকালীন সময়ে এসে আপনারা দেখেন, অফিসের প্রতিনিধি রয়েছে, ঠিকাদার রয়েছে, শ্রমিকরা রয়েছে তাদেরকে বলেন, আমাদেরকে অভিহিত করেন, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। সেই রাস্তাটি আমাদের ধর্মমন্ত্রী পিচ ঢালাই করে দিচ্ছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। রাস্তার কাজের বিষয় জানতে চাইলে স্থানীয়রা রাস্তা কাজের গুনগত মান ভালো হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।




























