
দেশের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বস্থানীয় পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সোমবার বিকেলে চেম্বারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেম্বারের সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে সোহাগের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা।
সম্প্রতি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং শিল্প খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শিল্প ও অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি ব্যবসায়ী সংগঠনের সদস্যরা তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন।





























