
মোঃ রায়হান মাহামুদ :
কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং প্রকল্পের সফলতা তুলে ধরতেই এ কংগ্রেসের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের আয় বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ এবং কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান আলী, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























