
বিশেষ প্রতিনিধি
আসন্ন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম। একই সঙ্গে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি নির্বাচনী সালাম ও সমর্থন কামন করেন ।
স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা ও গণসংযোগকালে জহিরুল ইসলাম বলেন, বিএনপির রাজনীতিতে দীর্ঘ দিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জনগণের জনপ্রিয় নেতা আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের দূরদর্শী নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ সাধিত হচ্ছে। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে এবং হাইজাদী ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমার মূল লক্ষ্য হলো হাইজাদী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। অবহেলিত মানুষের অধিকার আদায়, আধুনিক অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আলোর পথে পরিচালনায় আমি নিরলসভাবে কাজ করে যাব। গণসংযোগে জনগণের যে অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, সেটাই আমার মূল চালিকাশক্তি। হাইজাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ ও স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই প্রার্থীতার ঘোষণাকে স্থানীয় ভোটাররা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নির্বাচনে তাঁর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।




























