
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এমপি । বিশেষ মেহমান হিসেবে যোগ দেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুর রহমান। আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভূঁইয়া ও হাবিবুর রহমান,হবু জহিরুল ইসলাম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নজরুল ইসলাম আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের সার্বিক কল্যাণ ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই নীতি ও আদর্শকে ধারণ করে বর্তমানে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে। দেশ ও জনগণের কল্যাণে সবাই একতাবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে বগাদী কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও বিভিন্ন উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।





























