
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
অবশেষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দরজায় টানানো বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ । "কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম বা স্যার ছাড়া অন্য কিছু ডাকা যাবে না" এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় হাসপাতাল প্রশাসন। শুক্রবার বিকালে জরুরী বিভাগের ডিউটি ডাক্তারের দরজায় লাগানো সেই কাগজটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার পর সেই লেখা কাগজটি সরিয়ে ফেলেছি। যিনি এই কাজটি করেছেন আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। উনার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে ঘটনাটি হওয়ার কথা না কিন্তু তারা নতুন বিসিএস করে এসেছে, তাদের অনেক কিছুই অজানা। আমরা জনগণের সেবক, জনগণের সেবা করাই আমাদের কাজ। জনগণ আমাদের কাছে আসবেন, আমরা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের কাজ। ডাক্তারকে স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোন নিয়ম নেই।
উল্লেখ্য, "কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম বা স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না" এমনই একটি লেখা হাসপাতালের জরুরী বিভাগের ডিউটি ডাক্তারের দরজায় লাগানোর ফলে সেটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে।





























