
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান পিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান আলী।এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ফুটে উঠেছে। তাঁর বিদ্রোহী চেতনা ও সৃষ্টিশীল সাহিত্য আজও বাঙালি সমাজকে অনুপ্রাণিত করে।আলোচনা শেষে জাতীয় কবির বিভিন্ন কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা। প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





























