
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া(২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শনিবার মধ্যরাতে বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সজিব মিয়া গাজীপুর গ্রামের শিশু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ ওসি শফিউল আলম এর নির্দেশনায় গাজীপুর গ্রামে আসামী সজিব মিয়ার বসত ঘর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























