
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন করে বাংলাদেশ-ভারত নৌবাণিজ্যের নতুন দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে গোমতী নদীর নৌপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীর গতিপথ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। তবে নদীর অতিরিক্ত ঢাল, পানির প্রবাহের সীমাবদ্ধতা, নাব্যতা সংকট এবং নদীর ওপর থাকা ৩০টি সেতুর উচ্চতা এ উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
শনিবার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশমুখ বিবির বাজার পর্যন্ত নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই এ নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নদীর ওপর থাকা বিভিন্ন অবকাঠামো পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করে। এসব অবকাঠামো অপসারণ বা সংস্কার করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। এ কারণেই প্রকল্পটির কার্যক্রম থেমে যায়।
তিনি বলেন, প্রকল্পটি স্থগিত রয়েছে, বন্ধ হয়নি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এ সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের বিমানবন্দর বন্ধ, রেলবন্দর চালুর উদ্যোগ চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাজধানীর সঙ্গে যোগাযোগের প্রধান পথ। কিন্তু সড়কের বর্তমান পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর করতে সময় লাগবে।
তিনি আরও বলেন, বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব থাকলেও তা বাস্তবায়নে সময় প্রয়োজন। তুলনামূলক দ্রুত যোগাযোগব্যবস্থার উন্নয়নে নৌপথ সচল করা যেতে পারে। সরকারও এ বিষয়ে আগ্রহী। তবে এ ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামো সংস্কারসহ বেশ কিছু বিষয় সমাধান করতে হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মুহিদুল ইসলাম বলেন, গোমতী নদীর স্বাভাবিক ঢাল অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি। এ কারণে নদীর পানি দ্রুত মেঘনায় চলে যায়। ফলে নৌযান চলাচলের উপযোগী পানির প্রবাহ ধরে রাখা কঠিন হতে পারে। অন্যান্য নদীর মতো প্রবাহ নিশ্চিত করতে হলে গোমতী নদী আরও গভীর করে খননের প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, নদীর অপর পাশে থাকা বাঁধ থেকেও সব সময় পানি ছাড়া হয় না। ফলে নৌপথ চালুর আগে পানির প্রবাহ ও নদীর গভীরতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা জরুরি। এ ছাড়া গোমতী নদীর ওপর থাকা ৩০টি সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ-প্রটোকল চুক্তির (PIWTT) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এ নৌপথটি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নদীর নাব্যতা সংকট ও বিভিন্ন অবকাঠামোগত জটিলতায় এত দিন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সম্প্রতি বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীর নৌপথ পুনরায় সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার উদ্যোগের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ে নদী পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। এখন নদীর নাব্যতা, পানির প্রবাহ ও সেতুগুলোর উচ্চতাসহ কারিগরি বিষয়গুলোর সমাধানের ওপর নির্ভর করছে দীর্ঘদিনের এ নৌপথ চালুর সম্ভাবনা।




























