
মোঃ রেজাউল আজিম,বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় মামনি ফার্মেসির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুল্লাহ আল মামুন (২৩) এবং পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের তহিদুল ইসলাম (২৫)।বাঁশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নীল-সাদা-কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





























