
রেজাউল আজিম,বাঁশখালী।চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় পলাশ কান্তি দাসের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন কমলা, সিলভার ও কালো রঙের জিক্সার এফআই মোটরসাইকেলের চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পেশকারপাড়া এলাকার মৃত মোহাম্মদ জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পী (৩৩) এবং ময়মনসিংহের গৌরীপুর থানার সহনাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতরাইল এলাকার মো. হাসিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৫)।পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























